সালাহউদ্দিন আহমদ
সালাহউদ্দিন আহমদ।   ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন (চকরিয়া–পেকুয়া) থেকে দলের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়িতে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাঁদের প্রতি অনুরোধ—আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকুন। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণ–অভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যাঁরা আগে আওয়ামী লীগ করতেন, তাঁদের ভুল নিশ্চয় এখন ভেঙেছে। তাঁরা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন—এটাই প্রত্যাশা।’

শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তাঁর সব কর্মী দেশ ছাড়তে পারেননি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি। দেশে যারা রয়ে গেছে, আমাদের অনেক ভাই-বন্ধু—যাঁরা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন—তাঁরা রাজনীতি করতেই পারেন, সেটি তাঁদের স্বাধীনতা। তবে সবাইকে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকার আহ্বান জানাই।’

পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ধর্মের উসিলায় একটি দল ভোট চাইছে। কেউ কেউ জান্নাতের বাহানা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’ তিনি এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

পথসভার আয়োজন করে বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি। সভা ঘিরে শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।