জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যুতে জামায়াত আমিরের শোক।   ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

জামায়াত আমির বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে এনে আবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়ে যায়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- আশরাফুল তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে শহিদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।