তারেক রহমান, বিএনপি
বগুড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তারেক রহমান।   ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটের মাধ্যমেই বগুড়াকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করতে হবে। তিনি বলেন, ‘আপনারা বলেন—বগুড়া বিএনপির ঘাঁটি। সামনে ভোটের মাধ্যমে দেখিয়ে দেন, বগুড়া সত্যিকারের বিএনপির ঘাঁটি। এই ঘাঁটি রক্ষার দায়িত্ব আপনাদের।’

শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ছিলিমপুর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। তিনি তাঁর নির্বাচনী এলাকা বগুড়া-৬ সদর আসনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। মানুষের কাছে যেতে হবে, ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

তারেক রহমান বলেন, ‘আমি কেন ভোট চাইতে এসেছি—এটা মানুষকে আপনারাই বোঝাবেন। কেন বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে, সেটাও আপনাদের দায়িত্ব।’ তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে আগের মতো বগুড়াসহ সারা দেশে উন্নয়ন আবারও দৃশ্যমান হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের ম্যাডামের জন্য যেভাবে একসময় বিপুল ভোটে বিজয় নিশ্চিত করেছিলেন, এবারও বগুড়ার সাতটি আসনে সেভাবেই বিএনপিকে বিজয়ী করবেন।’

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুর রহমান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, জেলা বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনা, কে এম খায়রুল বাসার, সহিদুন নবী সালাম, হামিদুল হক চৌধুরী হিরু, জিয়া অলি ছিলেন, মাফতুন আহমেদ রুবেল প্রমুখ।

সভায় বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ন্যায়পরায়ণ, সৎ ও সত্যবাদী নেতা। তিনি বলেন, বিশ্বের অনেক মুসলমান জিয়াউর রহমানকে আল্লাহর অলি হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এর আগে সিরাজগঞ্জ যাওয়ার পথে বগুড়া-৭ আসনের শাহজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এক পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের জন্য ভোট চান। তারেক রহমান বলেন, ‘মিল্টনের মাধ্যমে আপনাদের এলাকার উন্নয়ন হবে। আপনাদের সঙ্গে বেশি সময় কথা বলতে চাই, কিন্তু সময় সীমিত। আপনাদের সহযোগিতা চাই।’