তারেক রহমান ও খালিদুজ্জামান
তারেক রহমান ও খালিদুজ্জামান।   ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. খালিদুজ্জামানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৭ আসনে সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোটার ভোট দেবেন তারেক রহমানকে। জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামানকে ভোট দেবেন ৩২ শতাংশ ভোটার। কাকে ভোট দেবেন, বলতে চান না ১৫ দশমিক ১ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ১০ দশমিক ৭ শতাংশ ভোটার এবং অন্য প্রার্থীদের ভোট দেবেন ৩ দশমিক ৭ শতাংশ ভোটার। এছাড়া ভোট দেবেন না ৩ দশমিক ৫ শতাংশ ভোটার।

আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৫১৫ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ২৬৯ জন পুরুষ ও ২৪৬ জন নারী।

‘কে জিততে পারেন?’–এমন প্রশ্নের উত্তরে ৪৬ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন তারেক রহমানই জয়ী হবেন। অন্যদিকে ২৭ দশমিক ৪ শতাংশ মনে করেন ডা. এস এম খালিদুজ্জামান জিতবেন।

জরিপ সংশ্লিষ্টদের মতে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, সিদ্ধান্তহীন ভোটারদের ভূমিকা ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শেষ পর্যন্ত এই অনিশ্চিত ভোটাররা কোন দিকে ঝুঁকবেন, তার ওপরই নির্ভর করছে ঢাকা-১৭ আসনের চূড়ান্ত ফলাফল।