নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম।   ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমকে হারিয়ে জয়ী হতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে এমন আভাস পাওয়া গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপ অনুযায়ী, ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছেন ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার। আর ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমকে ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার। এছাড়া ৮ দশমিক ৩ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। তারা কাকে ভোট দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আসনটিতে মোট ৬০৬ জন ভোটারের মতামত নেওয়া হয়েছে। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল- আসন্ন জাতীয় সংসদ নিবাচনে আপনি কাকে ভোট দেবেন? এ প্রশ্নের উত্তরে ৪৫ দশমিক ৭ শতাংশ ভোটার নাহিদ ইসলামকে ভোট দিতে চেয়েছেন। ৪০ দশমিক ৬ শতাংশ ভোটার এম এ কাইয়ুমকে দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

৮ দশমিক ৩ শতাংশ ভোটার সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানিয়েছেন। আর ২ দশমিক ৮ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন, তা প্রকাশ করেননি। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ ভোটার নাহিদ ও কাইয়ুম বাদে অন্যান্য প্রার্থীদের ভোট দেবেন বলে মতামত দিয়েছেন।

জরিপের লিঙ্গভিত্তিক ফল পর্যালোচনায় দেখা যায়, মোট ৬০৬ জনের মধ্যে ৩০৯ জন পুরুষ এবং ২৯৭ জন নারী। পুরুষ ভোটারদের ৪৪ দশমিক ৩ শতাংশ এবং নারী ভোটারের ৪৭ দশমিক ১ শতাংশ নাহিদকে শাপলা কলি মার্কায় ভোট দেবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, এম এ কায়ুমকে ধানের শীষ প্রতীকে পুরুষদের ৩৮ দশমিক ২ শতাংশ এবং নারীদের ৪৩ দশমিক ১ শতাংশ ভোট দেবেন বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে ঢাকা-১১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৮৭৭ এবং নারী ১৬ হাজার ১৯৮ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। আসনে মোট প্রার্থী ১১ জন।