ববি হাজ্জাজ ও মামুনুল হক।
ববি হাজ্জাজ ও মামুনুল হক।   ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হকের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া গেছে। তাদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র তিন শতাংশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চারের এক জরিপে এমন তথ্য জানানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জারিপ অনুযায়ী, ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ এগিয়ে রয়েছেন। তার পক্ষে ভোট দিতে চেয়েছেন ৪২ দশমিক ৬ শতাংশ ভোটার। তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের মামুনুল হক পেয়েছেন ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।

এ ছাড়া ১০ দশমিক ৪ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। আর ৫ দশমিক ৯ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন তা প্রকাশ করতে রাজি হননি।

জরিপ পর্যালোচনায় দেখা যায়, ঢাকা-১৩ আসনের ৬০৬ ভোটারের মতামত নেওয়া হয়েছে। তাদের মধ্যে ২৫৮ জন ববি হাজ্জাজকে ভোট দিতে চেয়েছেন। আর ২৪০ জন বলেছেন, মামুনুল হককে ভোট দেবেন তারা।

জরিপের লিঙ্গভিত্তিক ফলে দেখা গেছে, মোট ৬০৬ জনের মধ্যে পুরুষ ৩২৪ এবং নারী ২৮২ জন। পুরুষ ভোটারের ৪৪ দশমিক ৮ শতাংশ এবং নারী ভোটারদের ৪০ দশমিক ১ শতাংশ বিএনপি প্রার্থীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে মামুনুল হককে ৪০ দশমিক ৮ শতাংশ নারী এবং পুরুষ ভোটারদের ৩৮ দশমিক ৬ শতাংশ ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঢাকা-১৩ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মূলত আসনজুড়ে আছে মোহাম্মদপুর এলাকা। মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন এবং নারী ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আটজন।