এনসিপি, বিএনপি, আখতার হোসেন
এনসিপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন   ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের পর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের বিজয়ী প্রার্থী আখতার হোসেন। তার দাবি, মাইকে ঘোষণা দিয়ে ধরে ধরে এনসিপির নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দিকে অভিযোগ ছুঁড়ে দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিজের ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন আখতার। ওই পোস্টে তিনি লেখেন, “বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।”

এদিকে, একই রকমের অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সার্জিস আলম। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট একাধিক পোস্ট ও ভিডিও বার্তা দিয়েছেন তিনি।