ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশক্তির নেতা মো. সাইফুল্লাহ।   ছবি: সংগৃহীত

ময়মনসিংহে গ্রামের বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক ও মুহসীন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন সাইফুল্লাহ। অগ্নিকাণ্ডে বাড়ির একটি অংশ পুড়ে যায়।

জানা গেছে, আগুনে বাড়ির একটি কক্ষ ও কিছু আসবাবপত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাসসির বলেন, তাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি করেন।

সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ ঢাবি ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক  সাইফুল্লার বাড়িতে আগুন দিয়েছে। এসকল নিষিদ্ধ সন্ত্রাসীদের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না!

ঘটনার প্রতিবাদে ভোর সাড়ে ৫টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।