রাষ্ট্রপতির অপসারণ দাবি, আন্দোলনের হুঁশিয়ারি পাটওয়ারীর, নাসিরুদ্দিন পাটোয়ারি, রাজনীতি,
ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি।   ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)কে অভিশংসনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হলে তাদের আবারও কঠোর আন্দোলনে নামতে হতে পারে।

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতির বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে কোনো ধরনের গড়িমসি করা হলে পরিস্থিতি মোকাবিলায় আন্দোলনের পথেই হাঁটতে হবে।

বিএনপিকে ঘিরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট বিএনপির নেতারাও ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। তার দাবি, সেই সময় বিএনপির এ পদক্ষেপের কারণেই কথিত ‘বিপ্লবী সরকার’ গঠনের উদ্যোগ সফল হয়নি।

ঢাকা-৮ আসনের ভোটারদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, যারা তাকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি জাতীয় ঈদগাহে এসেছেন। একই সঙ্গে দেশের শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপাতত কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তবে দাবি পূরণ না হলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন বলে জানান তিনি।