খেলাফত মজলিস, মুসলিম উম্মাহ
খেলাফত মজলিস।   ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার (২০ মার্চ) এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন। এক মাসের সিয়াম সাধনা ও ইবাদতের পর এই দিনটি আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

তারা বলেন, ঈদ শুধু উৎসব নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। এ দিনে ধনী-গরিব, ছোট-বড়সহ সব ভেদাভেদ ভুলে মানুষ একত্রিত হয় এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে অসহায়, অসুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

বার্তায় নেতৃদ্বয় উল্লেখ করেন, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় নির্বাচনের পরবর্তী সময়ে দেশের মানুষ এবার ঈদ উদযাপন করছে। অতীতের রাজনৈতিক সহিংসতায় নিহতদের মাগফিরাত কামনা করেন এবং নির্যাতিত পরিবারগুলোর জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। নৌপথ ও সড়ক-মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত, ভাড়া নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরীহ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এই সহিংসতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বার্তায় বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের মুক্তি ও শান্তি কামনা করা হয়।

বিবৃতিটি পাঠান খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।