কাতার, ফুটবল
বিশ্বকাপের পর কাতারে সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল আয়োজন হতে যাচ্ছে।   ছবি: সংগৃহীত

আগামী ২৬ মার্চ থেকে কাতারে শুরু হচ্ছে ‘কাতার ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’। এই আন্তর্জাতিক ফুটবল উৎসবে বিশ্বের শীর্ষস্থানীয় দল ও তারকা ফুটবলাররা একই মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০২২ সালের ফিফা বিশ্বকাপের পর কাতারে এটিই সবচেয়ে বড় আন্তর্জাতিক ফুটবল আয়োজন। এই ফেস্টিভ্যালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

ফেস্টিভ্যালের সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মার্চ। ওই দিন ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে কেন্দ্র করেই মার্চের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবল উৎসব আয়োজনের ঘোষণা দেয় কাতার।

২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই ফুটবল ফেস্টিভ্যাল। এ সময়ে মোট ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আর্জেন্টিনা, স্পেন, স্বাগতিক কাতার, সৌদি আরব, মিসর ও সার্বিয়া।

ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মধ্যেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ায় সব দলই পূর্ণ শক্তির জাতীয় দল ও তারকাবহুল স্কোয়াড নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছে আয়োজকেরা।

ফুটবল ইভেন্টসের লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) বলেছে, এই আয়োজন আন্তর্জাতিক ফুটবলে কাতারের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন। একই সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে অংশগ্রহণকারী দলগুলোর জন্য এটি হবে উচ্চমানের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

এলওসি চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, ‘ফিফা বিশ্বকাপের আগে বিশ্বের সেরা ফুটবল তারকাদের আতিথেয়তা দিতে এবং বিভিন্ন দেশের সমর্থকদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ তিনি আরও বলেন, ‘এই ফেস্টিভ্যাল বিশ্বমানের ফুটবল অভিজ্ঞতা দেওয়ার প্রতি আমাদের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।’

কাতার ফুটবল ফেস্টিভ্যালের টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক দর্শকদের জন্য ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি থেকে।

এমকে/আরটিএনএন