স্কটল্যান্ড, আইসিসি, ক্রিকেট
দলের স্পন্সর নেই, ভিসা পাওয়া অনিশ্চিত , তবু বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্কটিশরা   ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। এর মধ্যেই এক নাটকীয় পটপরিবর্তনে বাংলাদেশ সরে দাঁড়ানোয় কপাল খুলেছে স্কটল্যান্ডের। তবে এই সুখবর তাদের জন্য নিয়ে এসেছে পাহাড়সমান লজিস্টিক চ্যালেঞ্জ। দলের স্পন্সর নেই, নতুন জার্সি তৈরির সময় নেই, এমনকি খেলোয়াড়দের ভিসা পাওয়া নিয়েও চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। তবুও বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্কটিশরা।

কেন হঠাৎ ডাক পেল স্কটল্যান্ড?
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ তাদের ভারতের ভেন্যুতে নির্ধারিত ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করায় বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। র‍্যাংকিংয়ে ১৪তম স্থানে থাকা স্কটল্যান্ড ছিল টুর্নামেন্টে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে শীর্ষে। তাই গত শনিবার আইসিসি তাদের বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে আমন্ত্রণ জানায়।

সময়ের সঙ্গে লড়াই
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানান, গত সপ্তাহান্তে আইসিসির ফোন পাওয়ার পর থেকেই নির্ঘুম রাত কাটছে কর্মকর্তাদের। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরীফের ভিসা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডব্লেড বলেন, “আমাদের আমন্ত্রণ জানানোয় আমরা আনন্দিত, তবে পরিস্থিতিটা বেশ অদ্ভুত এবং চ্যালেঞ্জিং। তবে আমরা আশাবাদী যে সবাই সময়মতো ভারতে পৌঁছাতে পারবে।”

জার্সি স্পন্সর সংকট
বিশ্বকাপের মতো বড় মঞ্চ, অথচ স্কটল্যান্ডের হাতে কোনো বড় স্পন্সর নেই। হাতে সময় মাত্র সাত দিন, এর মধ্যেই স্পন্সর জোগাড়ের চেষ্টা চলছে। পাশাপাশি নতুন কিট বা জার্সির অর্ডার দেওয়া হয়েছে, যা সময়মতো হাতে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। লিন্ডব্লেড বলেন, “যদি নতুন জার্সি সময়মতো পাই, তবে সেটা বাড়তি পাওনা। আর না পেলে হয়তো আমাদের নিয়মিত সাধারণ জার্সি পরেই মাঠে নামতে দেখবেন।”

বাংলাদেশের সূচিই এখন স্কটল্যান্ডের
বাংলাদেশের জন্য নির্ধারিত সূচি ও ভ্রমণ পরিকল্পনাই এখন স্কটল্যান্ডকে অনুসরণ করতে হবে। দলটির প্রাথমিক ঘাঁটি হবে বেঙ্গালুরুতে। সেখানে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে ২ ও ৪ ফেব্রুয়ারি যথাক্রমে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। লিন্ডব্লেড নিশ্চিত করেছেন, আপাতত সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

স্কটল্যান্ড স্কোয়াড:
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), ব্র্যাড কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মানসি, সাফিয়ান শরীফ, মার্ক ওয়াট, ব্র্যাডলি হুইল। ট্রাভেলিং রিজার্ভ: জ্যাসপার ডেভিডসন, জ্যাক জার্ভিস।

সূত্র : বিবিসি স্পোর্টস

আরটিএনএন