সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ইসিকে আরও কঠোর হতে হবে
সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ইসিকে আরও কঠোর হতে হবে   ছবি: আরটিএনএন

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আরও কঠোর ভূমিকা নিতে হবে বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, এই নির্বাচন দেশের টেকসই গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত।

রোববার  সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স (ইডব্লিউএ)-এর উদ্যোগে “সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ: নির্বাচন কমিশন ও সরকারের আবশ্যিক করণীয়” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একটি দেশপ্রেমিক ও গণতান্ত্রিক সরকার গঠনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা, নারীর প্রতি সহিংস আক্রমণ ও বিদ্বেষ ছড়ানো, ভয়ভীতি প্রদর্শনের ঘটনা আশংকাজনক হারে বাড়ছে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।