বার্সেলোনা
বার্সেলোনা   ছবি: সংগৃহীত

দীর্ঘ নাটকীয়তা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে নিজেদের নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যদিও প্রায় তিন মাস আগেই ক্লাবটি এই বিতর্কিত লিগ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল, এবার সেটি লিখিত ঘোষণার মাধ্যমে চূড়ান্ত রূপ পেল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, তারা সুপার লিগ প্রকল্পের সঙ্গে আর যুক্ত থাকছে না এবং ইউরোপীয় ফুটবলের প্রচলিত কাঠামোর মধ্যেই ভবিষ্যৎ এগিয়ে নিতে চায়।

বিবৃতিতে ক্লাবটি উল্লেখ করে, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তারা ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে (ইসিএ) পুনরায় যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সুপার লিগে যুক্ত থাকার কারণে আগে ইসিএ থেকে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, সেটির অবসান ঘটানোই এখন বার্সেলোনার মূল লক্ষ্য।

উল্লেখ্য, ইউরোপিয়ান সুপার লিগ প্রথম আলোচনায় আসে ২০২১ সালে, যখন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসসহ ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাব একত্রে এই নতুন প্রতিযোগিতা চালুর ঘোষণা দেয়। উদ্দেশ্য ছিল আর্থিকভাবে আরও লাভজনক একটি বন্ধ লিগ কাঠামো গড়ে তোলা। তবে ঘোষণার পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রকল্পটি।

সমর্থকদের তীব্র প্রতিবাদ, খেলোয়াড়দের অসন্তোষ এবং ফিফা ও উয়েফার কঠোর অবস্থানের কারণে ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অধিকাংশ ক্লাব সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এরপর ধীরে ধীরে জুভেন্টাসও এই প্রকল্প থেকে সরে যায়। বর্তমানে রিয়াল মাদ্রিদই একমাত্র বড় ক্লাব, যারা এখনো আনুষ্ঠানিকভাবে সুপার লিগ ধারণার সঙ্গে যুক্ত রয়েছে।

বার্সেলোনার এই সিদ্ধান্তকে ইউরোপীয় ফুটবলের মূলধারায় ফেরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ক্লাবের আর্থিক সংকট, উয়েফা প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং সমর্থকদের চাপ সবকিছু মিলিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে একই বিবৃতিতে ক্লাবের বোর্ডের সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানানো হয়। বার্সেলোনা জানিয়েছে, ক্লাব সভাপতির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ মার্চ ২০২৬। এই নির্বাচনের মাধ্যমে ক্লাবের ভবিষ্যৎ দিকনির্দেশনা আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া পুরুষদের সিনিয়র বাস্কেটবল দলের জন্য ইউরোলিগ লাইসেন্স আরও দীর্ঘমেয়াদে সম্প্রসারণের অনুমোদন দিয়েছে বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩৫–৩৬ মৌসুম পর্যন্ত আগামী দশ মৌসুম ইউরোলিগে অংশগ্রহণ নিশ্চিত করেছে বার্সেলোনা।

ক্লাব কর্তৃপক্ষ নতুন কয়েকটি স্পনসরশিপ চুক্তিও অনুমোদন করেছে, যার বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আর্থিক পুনর্গঠনের পথে থাকা বার্সেলোনার জন্য এই চুক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সুপার লিগ থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসে উয়েফা ও ইসিএর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত বার্সেলোনার জন্য এটি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং ইউরোপীয় ফুটবলের ঐতিহ্যবাহী কাঠামোর প্রতি তাদের অবস্থান স্পষ্ট করারও একটি বার্তা।