পিএসএল থেকে সরে দাঁড়ালেন আফগানিস্তানের তারকা ব্যাটার
পিএসএল থেকে সরে দাঁড়ালেন আফগানিস্তানের তারকা ব্যাটার   ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগেই বড় ধাক্কা খেল পেশাওয়ার জালমি। আফগানিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ চলতি মৌসুমের পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি, তবে মাত্র দু’দিনের মধ্যেই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত জানান এই বিস্ফোরক ব্যাটার।

নিজের সিদ্ধান্তের কথা গুরবাজ নিশ্চিত করেছেন একটি ভিডিও বার্তার মাধ্যমে। সেখানে তিনি জানান, ব্যক্তিগত কিছু দায়িত্ব এবং তার পরিচালিত দাতব্য ফাউন্ডেশনের অসমাপ্ত কাজের কারণেই পিএসএলে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

ভিডিও বার্তায় গুরবাজ বলেন, আমি এই বছর পিএসএলে খেলতে পারছি না। আমার কিছু ব্যক্তিগত দায়িত্ব রয়েছে এবং আমার দাতব্য ফাউন্ডেশনের কাজের একটি বড় অংশ এখনো বাকি। সফল একটি বিশ্বকাপ শেষে আমি আমার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চাই, যাতে নিজে উপস্থিত থেকে মানুষের সেবায় আরও কার্যকরভাবে কাজ করতে পারি।

বিশ্বকাপ শেষ হওয়ার পর আফগানিস্তানে ফিরে গিয়ে সরাসরি ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করবেন বলেও জানান তিনি। গুরবাজের এই সিদ্ধান্তকে সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবেই দেখছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।

এর আগে পিএসএলের তিনটি মৌসুমে খেলেছেন রহমানউল্লাহ গুরবাজ। ২০২১ সালে মুলতান সুলতান্সের হয়ে তার পিএসএল অভিষেক হয়। পরবর্তী দুই মৌসুম ২০২২ ও ২০২৩ সালে তিনি মাঠে নামেন ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে। পিএসএলে মোট ১৫ ম্যাচে ৩১৮ রান করেছেন গুরবাজ, যেখানে তার ব্যাটিং গড় ২২.৭১। এই টুর্নামেন্টে তার নামের পাশে রয়েছে একটি হাফসেঞ্চুরিও।

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের নিয়মিত সদস্য গুরবাজ ইতোমধ্যে খেলেছেন দুইটি টেস্ট, ৫২টি ওয়ানডে এবং ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ। আগ্রাসী ব্যাটিং ও দ্রুত রান তোলার সক্ষমতার কারণে তিনি আফগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচিত।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও গুরবাজের চাহিদা বিশ্বজুড়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), এসএ টোয়েন্টি এবং আইএল টি-টোয়েন্টিসহ প্রায় সব বড় টি-টোয়েন্টি লিগেই খেলেছেন এই আফগান তারকা।

এদিকে সূত্রের বরাতে জানা গেছে, চলতি পিএসএলে আরও কয়েকজন আফগান ক্রিকেটারকে না-ও দেখা যেতে পারে। সম্ভাব্য অনুপস্থিতদের তালিকায় রয়েছেন পেসার নাভিন উল হক ও স্পিনার মুজিব উর রহমানের নামও।