বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ, ইয়ামাল, লা লিগা
গোল মিসের পর হতাশায় মুখ ঢেকেছেন লামিন ইয়ামাল   ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা দৌড়ে বড় অঘটন ঘটিয়ে সোমবার মন্টিলিভিতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে জিরোনা। ম্যাচে লামিনে ইয়ামাল একটি পেনাল্টি মিস করেছেন এবং শেষ মুহূর্তের একটি বিতর্কিত গোল হজম করে হান্সি ফ্লিকের দল ক্ষোভ প্রকাশ করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকার প্রচেষ্টায় এই হারে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল কাতালানরা।

ম্যাচের ১৭তম মিনিটে লামিনে ইয়ামাল জিরোনার গোলরক্ষক পাউলো গাজানিগাকে একা পেয়েও বল সোজা সাবেক এই টটেনহ্যাম গোলরক্ষকের হাতে তুলে দেন। এর আগে রাফিনহাও একটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন। বার্সার কাছে লিড নেওয়ার একাধিক সুযোগ ছিল। তবে জিরোনার স্ট্রাইকার ভ্লাদিস্লাভ ভ্যানেট অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে গিয়ে গার্সিয়ার দুর্দান্ত সেভের মুখে পড়েন, যা ছিল বার্সার জন্য একটি সতর্কবার্তা।

অর্ধের মাঝামাঝি সময়ে ব্রায়ান গিল বাম প্রান্ত থেকে দুর্দান্ত একটি ক্রস বাড়ালেও ইউক্রেনীয় স্ট্রাইকার ভ্যানাত তাতে পা ছোঁয়াতে ব্যর্থ হন, নাহলে তখনই গোল হতে পারত। প্রথমার্ধের ঠিক আগ মুহূর্তে রাফিনহার একটি শট পোস্টে প্রতিহত হয়। এরপর ডালি ব্লাইন্ড ডি-বক্সে দানি ওলমোকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা; কিন্তু ইয়ামালের নেওয়া শটটি পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৬০ মিনিটের মাথায় অবশেষে গোলের দেখা পায় বার্সা। জুলেস কুন্দের ক্রস থেকে দুর্দান্ত হেডে বল টপ কর্নারে জড়িয়ে দেন পাউ কুবাসি। এটি ক্লাবের হয়ে লিগে এই ডিফেন্ডারের প্রথম গোল। কিন্তু এক মিনিটের মধ্যেই সমতায় ফেরে জিরোনা। কুবাসি বল ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে খুব কাছ থেকে ট্যাপ-ইন করে গোল করেন থমাস লেমার।

এরপর জিরোনাকে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা যায় এবং গার্সিয়াকে বেশ কয়েকবার বার্সার পতন ঠেকাতে হয়। তবে ৮৭তম মিনিটে ফ্রান বেলট্রানের গোলে শেষ পর্যন্ত পিছিয়ে পড়ে বার্সা। গোলটির বিল্ড-আপের সময় জুলেস কুন্দেকে ফাউল করা হয়েছিল কি না, তা দেখার জন্য ভিএআর চেক করা হয়। মনে হচ্ছিল রেফারি ফাউলের কারণে গোলটি বাতিল করবেন, কিন্তু তিনি গোলের সিদ্ধান্ত বহাল রাখলে বার্সা বেঞ্চ ক্ষোভে ফেটে পড়ে। শেষদিকে রবার্ট লেভানডোভস্কি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ফলে লা লিগার শিরোপা দৌড়ে বড় অঘটনের জন্ম দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে জিরোনা।

সূত্র : গোল ডট কম 

আরটিএনএন/এআই