ম্যানসিটি, আর্সেনাল
ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেড-এর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সিটি।   ছবি: সংগৃহীত

গত সপ্তাহে উলভসের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ে হোঁচট খেয়েছিল আর্সেনাল। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগাল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে শীর্ষ দুই দলের ব্যবধান এখন নেমে এসেছে মাত্র দুই পয়েন্টে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ইতিহাদ স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেড-এর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সিটি। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৮।

ম্যাচের শুরুতেই দাপট দেখায় স্বাগতিকরা। ২০ বছর বয়সী নিকো ও’রেইলির দূরপাল্লার শটে ১৪ মিনিটে এগিয়ে যায় সিটি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২২ মিনিটে সমতা ফেরান লুইস হল। কিন্তু পাঁচ মিনিট পরই আবার ব্যবধান গড়ে দেন ও’রেইলি, এবার হেডে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধেই ম্যাচের সব তিনটি গোল হয়। দ্বিতীয়ার্ধে বৃষ্টিস্নাত পরিবেশে বলের দখল ধরে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি সিটি। এক গোলের লিড নিয়ে শেষ পর্যন্ত রক্ষণ সামলাতে হয়েছে তাদের।

স্টপেজ টাইমে সমতায় ফেরার বড় সুযোগ পেয়েছিল নিউক্যাসেল। হার্ভি বার্নেসের শট আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন জিয়ানলুইজি দোনারুম্মা। তাতেই নিশ্চিত হয় সিটির গুরুত্বপূর্ণ জয়।