অ্যাপল চালু করল বয়স যাচাই ব্যবস্থা।
অ্যাপল চালু করল বয়স যাচাই ব্যবস্থা।   ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের অনলাইন ব্যবহার নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন একটি বয়স যাচাই ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে ১৮ বছরের কম বয়সিরা নির্দিষ্ট কিছু অ্যাপ ডাউনলোড বা ব্যবহার করতে পারবে না।

কোম্পানি জানিয়েছে, বিভিন্ন দেশের আইন ও বিধিমালা মেনে ডেভেলপারদের সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরে ১৮+ রেটিং পাওয়া অ্যাপ ডাউনলোড করার সময় বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে ব্রাজিলে যেসব অ্যাপে লুট বক্স বা অনুরূপ ফিচার রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ১৮+ হিসেবে চিহ্নিত হবে।

নতুন নিয়মে অ্যাপ স্টোর নিজেই ব্যবহারকারীর বয়স যাচাই করতে পারবে। প্রয়োজন হলে ডেভেলপারদেরও আলাদাভাবে বয়স যাচাই করার দায়িত্ব থাকতে পারে। এজন্য চালু করা হয়েছে ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’, যা আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস প্ল্যাটফর্মে এ ব্যবহারকারীর বয়স সংক্রান্ত তথ্য দেখাবে।

যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে এই নিয়ম ধাপে ধাপে কার্যকর হবে। উদাহরণস্বরূপ, উটাহে ৬ মে ২০২৬ থেকে এবং লুইজিয়ানায় ১ জুলাই ২০২৬ থেকে বয়স যাচাই তথ্য ডেভেলপারদের সঙ্গে ভাগ করা হবে। এতে জানা যাবে, ব্যবহারকারীর বয়স সীমিত কি না এবং পিতামাতার অনুমতি লাগবে কি না।

উটাহ আইনে বলা হয়েছে, অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট অবশ্য পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে অনুমতি নিতে হবে। একই ধরনের আইন লুইজিয়ানা ও টেক্সাসেও আছে, আর ক্যালিফোর্নিয়ায় ২০২৭ সালে চালুর পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ শিশুদের অনলাইনে ঝুঁকি থেকে রক্ষা করবে। তবে সমালোচকেরা আশঙ্কা করছেন, অতিরিক্ত বয়স যাচাই ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া বয়সসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবহারে নিরাপত্তার ঝুঁকিও থাকতে পারে।

উটাহ আইনের মূল দিকগুলো:
• নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর বয়স ১৮+ হতে হবে
• অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট পিতামাতার সঙ্গে যুক্ত রাখতে হবে
• নির্দিষ্ট অ্যাপ বা ফিচার ব্যবহারের জন্য পিতামাতার অনুমতি প্রয়োজন হতে পারে
• বয়স যাচাই বা অনুমতির ব্যবস্থা না থাকলে কিছু অ্যাপ ডাউনলোড সীমিত করা হতে পারে

সিমু/আরটিএনএন