‘TSync: RMSTU Bus & Campus’,
‘TSync: RMSTU Bus & Campus’,   ছবি: আরটিএনএন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীদের বাস চলাচল ও ক্যাম্পাস সংশ্লিষ্ট তথ্য সহজে জানার সুবিধা দিতে তৈরি হয়েছে নতুন অ্যাপ্লিকেশন ‘TSync: RMSTU Bus & Campus’। অ্যাপটির মাধ্যমে বাসের সিডিউল দেখা, বাসের লাইভ লোকেশন ট্র্যাক করা এবং প্রয়োজন অনুযায়ী নিজস্ব সিডিউল তৈরি করা যাবে।

অ্যাপটি তৈরি করেছেন রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী মিনহাজুল আবেদিন। তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে। তিনি রাবিপ্রবি থেকে বিএসসি সম্পন্ন করেছেন।

অ্যাপ নির্মাতা মিনহাজুল আবেদিন জানান, বাস সিডিউলের নোটিশ খুঁজতে শিক্ষার্থীদের প্রায়ই গ্যালারির অসংখ্য ফাইল ঘেঁটে বেড়াতে হয়। অনেক সময় মেসেঞ্জার, টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরোনো বার্তা স্ক্রল করে নোটিশ বের করতে হয়, যা সময়সাপেক্ষ ও বিরক্তিকর। এসব সমস্যা সমাধানের লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে।

তিনি বলেন, “গ্যালারির হাজারো ফাইলের ভেতর থেকে বাস সিডিউলের নোটিশ খুঁজে বের করা কিংবা নোটিশ গ্রুপে পুরোনো মেসেজ স্ক্রল করে তথ্য বের করার ঝামেলা কমাতেই এই অ্যাপের কাজ শুরু করি। পরে এতে আরও প্রয়োজনীয় ফিচার যোগ করে একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম তৈরি করেছি।”

অ্যাপটির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো বাসের লাইভ লোকেশন ট্র্যাকিং। ফলে শিক্ষার্থীরা রিয়েল টাইমে বাস কোথায় আছে তা জানতে পারবে এবং সময় ব্যবস্থাপনায় সুবিধা পাবে।

এছাড়াও অ্যাপটিতে রয়েছে দুটি প্রয়োজনীয় ফোরাম।এর মধ্যে ‘Lost & Found’ ফোরামে বাস কিংবা ক্যাম্পাসে কোনো জিনিস হারিয়ে গেলে বা খুঁজে পেলে তা ওপেন প্ল্যাটফর্মে জানানো যাবে। পাশাপাশি ‘Community Reports’ ফোরামের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যেকোনো সমস্যা, অভিযোগ বা আবেদন জানাতে পারবে শিক্ষার্থীরা।

অ্যাপ নির্মাতা আরও জানান, এটি একটি কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ। সকল শিক্ষার্থীদের সহযোগিতা ছাড়া অ্যাপটির কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, যেন তারা নিজেদের ব্যাচ, ক্লাব এবং নোটিশ গ্রুপে অ্যাপটি সম্পর্কে তথ্য শেয়ার করেন।

তিনি বলেন, “এই পোস্ট সবার কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার। এতে যদি অন্তত একজন শিক্ষার্থীও উপকৃত হয়, তাহলেই এই উদ্যোগ সার্থক হবে।”

উল্লেখ্য, অ্যাপটি বর্তমানে গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। প্লে-স্টোরে প্রকাশনার প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তাকারী টেস্টারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা মিনহাজুল আবেদিন।