সাংবাদিক
সভাপতি হিসেবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা।   ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি হিসেবে যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক পদে বাংলা নিউজ টোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা নির্বাচিত হয়েছেন।

রোববার (১ মার্চ) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬-এর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাংবাদিক কাজী হাফিজ। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হারুণ আল রশীদ ও মঈনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে কাজী জেবেল ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আগের কমিটিতেও সভাপতি ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী মাছরাঙা টেলিভিশনের নিয়াজ মোর্শেদ পেয়েছেন ২৯ ভোট।

সহসভাপতি পদে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের সিনিয়র স্টাফ রিপোর্টার আনম মুহিবুব উজ জামান পেয়েছেন ৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলোকিত বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. আরিফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার গোলাম রাব্বানী পেয়েছেন ১২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এম লিংকন। তার প্রতিদ্বন্দ্বী এনটিভির সিনিয়র রিপোর্টার নিয়ামুল আজিজ পেয়েছেন ৪০ ভোট।

অর্থ সম্পাদক পদে আরটিএনএনের সিনিয়র রিপোর্টার এস এম নাঈম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল-আমিন ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার শাকিল আহমেদ পেয়েছেন ৩৫ ভোট।

দপ্তর সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার লাকী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তোফাজ্জাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার (৫৯ ভোট), দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল (৩৪ ভোট), দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক রিয়াজ হোসেন (১৯ ভোট), কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মাসুদ রায়হান পলাশ এবং আমার দেশের স্টাফ রিপোর্টার মো. জাহিদুল ইসলাম (১৮ ভোট করে) নির্বাচিত হয়েছেন।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

এবার অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা, টেলিভিশন ক্যাটাগরিতে বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ এবং পত্রিকা ক্যাটাগরিতে ডেইলি টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. আল-আমিন আরএফইডি প্রবর্তিত নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আরএফইডি নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক পুরস্কারটি প্রয়াত সাংবাদিক হোসাইন জাকিরের নামে ২০২৪ সালে প্রবর্তন করা হয়।