ইরান অভিযানকালে নিজেদের কত সেনা নিহত, জানাল যুক্তরাষ্ট্র
ইরান অভিযানকালে নিজেদের কত সেনা নিহত, জানাল যুক্তরাষ্ট্র।   ছবি: সংগৃহীত

ইরানে অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেইসঙ্গে, আরও পাঁচজন ‘গুরুতর আহত’ হয়েছেন বলেও জানানো হয়েছে। শনিবার ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এই প্রথম নিজেদের সেনা হতাহতের খবর জানাল যুক্তরাষ্ট্র।

রোববার (১ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরান অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া এই অভিযানে আরও পাঁচজন সেনা ‘গুরুতর আহত’ হয়েছেন।

শনিবার থেকে শুরু হওয়া এই নজিরবিহীন সামরিক অভিযানে এই প্রথম মার্কিন বাহিনীর পক্ষ থেকে কোনো হতাহতের আনুষ্ঠানিক তথ্য জানানো হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। মূলত ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

শনিবার বিকেলেই হোয়াইট হাউস থেকে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলায় নিহত হয়েছেন। ইরানের পক্ষ থেকেও এই শোকাবহ সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এদিকে হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের অভ্যন্তরে শত শত ড্রোন ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

সূত্র: বিবিসি বাংলা