শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা
শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল ঘোষণা।   ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ওই অঞ্চলের সাতটি দেশ ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। এর সরাসরি প্রভাবে স্থবির হয়ে পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট কার্যক্রম। গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে সাত দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। নিরাপত্তা নিশ্চিতে দেশগুলোর এমন আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দিনেই বাতিল হয় ২৩টি ফ্লাইট। এর মধ্যে ছিল এমিরেটসের ১টি, গালফ এয়ারের ১টি, ফ্লাইদুবাই ১টি, এয়ার অ্যারাবিয়া ৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৬টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ফ্লাইট।

রোববার (১ মার্চ)  সারা দিনে সর্বোচ্চ ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে এয়ার অ্যারাবিয়ার ৮টি, এমিরেটসের ৫টি এবং বিমান বাংলাদেশের ৯টি ফ্লাইট রয়েছে। পাশাপাশি কাতার এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটও বাতিলের তালিকায় রয়েছে।

আগামীকাল সোমবারের ১১টি ফ্লাইট আগাম বাতিল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কাতার ও এমিরেটসের সংখ্যাই বেশি।

হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে কয়েক হাজার প্রবাসী শ্রমিক ও পর্যটক চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা বিমানবন্দরে এসে ফিরে যাচ্ছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে আসার উপক্রম হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এয়ারলাইন্সগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আকাশসীমা উন্মুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।