মাত্র ১০ দিনে নিয়োগ কার্যক্রম শেষ করার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির চেয়ারম্যানের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তুলে এই সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, ২০২৫ সালের এপ্রিলে ১৯টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে আইডিআরএ। সাড়ে আট মাস পার হয়ে গেলেও এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তড়িঘড়ি করে সেই নিয়োগ কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলম। তাও সবগুলো পদে নয়, মাত্র দুটি পদে ছয়জন নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, কর্তৃপক্ষের একজন সদস্যকে আহ্বায়ক, একজন উপসচিবকে সদস্যসচিব এবং একজন নির্বাহী পরিচালককে নিয়ে বাছাই কমিটি গঠন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন প্রতিনিধি ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একজন প্রতিনিধি থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি নেই। আপাতত ষষ্ঠ ও সপ্তম গ্রেডের দুটি পদে ছয়জন নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, আলোচিত নিয়োগ ইস্যুতে গত ১৯ জানুয়ারি প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিনই মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পিএসসি সদস্যের আপত্তি থাকলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি নিয়োগ কার্যক্রম শেষ করতে সাধারণত এক বছরের বেশি সময় লাগে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আট মাস নীরব থেকে হঠাৎ করে কেন ১০ দিনে সব শেষ করতে হবে—সে প্রশ্ন উঠছে। তাদের মতে, অসৎ উদ্দেশ্য না থাকলে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা নয়।
তারা আরও বলেন, প্রথম শ্রেণির কয়েকটি পদে চেয়ারম্যানের নিজস্ব লোক রয়েছে। প্রথম শ্রেণির পদে নিয়োগের ক্ষেত্রে মাত্র ৫০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার নির্দেশনাও দিয়েছিলেন চেয়ারম্যান। আপত্তির মুখে সেটি বাড়িয়ে ৯০ নম্বর করা হয় এবং মৌখিকে রাখা হয় ১০ নম্বর।
বিষয়টি নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, মাত্র ১০ দিনে নিয়োগ কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন আছে। বিষয়টি আমি খোঁজ নেব।
আইডিআরএর প্রবিধানমালায় বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ এক বা একাধিক বাছাই কমিটি গঠন করতে পারবে। তবে কমিটির সদস্যসংখ্যা বা কাঠামো স্পষ্টভাবে উল্লেখ না থাকায় এই বিধান দুর্বলতা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাকরি বিধিবিধান বিশেষজ্ঞ মো. ফিরোজ মিয়া বলেন, যেকোনো নিয়োগে লিখিত পরীক্ষার আগে প্রার্থীদের প্রস্তুতির জন্য কমপক্ষে ১৫ কর্মদিবস সময় দেওয়া একটি প্রচলিত মানদণ্ড। ১০ দিনে সব কার্যক্রম শেষ করার কোনো নজির নেই। এতে আইনি চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে।
আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলমকে ২০২৪ সালের সেপ্টেম্বরে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তিনি ২০১২ সালে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর ওই বিভাগ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
তড়িঘড়ি নিয়োগের বিষয়ে জানতে আইডিআরএ চেয়ারম্যান এম আসলাম আলমের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। প্রশ্ন পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!