শফিকুল আলম
শফিকুল আলম।   ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত নির্বাচনের জন্য ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এখনো ভালো আছে এবং ছোট–বড় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিব বাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যার মাধ্যমে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

এর আগে মোহাম্মদ শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার এবং হামলার শিকার থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)–এর মাজার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ পীর–আওলিয়ার দেশ। তাঁদের হাত ধরেই এ দেশে ইসলাম এসেছে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে হামলা করছে, যা অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। এখানে সবাই যেন শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে, সেটাই প্রত্যাশা।

মাজারের নিরাপত্তা বিষয়ে প্রেস সচিব বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। মাজারের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষও আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন—এটাই সরকারের প্রত্যাশা। বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট শাসন তৈরি না হয় এবং সব মানুষের অধিকার অক্ষুণ্ন থাকে, সে লক্ষ্যেই নির্বাচন আয়োজন করা হচ্ছে। অতীতের অপশাসন যেন আর ফিরে না আসে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ কারণে অনেকে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এটিকে কেন্দ্র করে কেউ কেউ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে এটি নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই।

এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট মাজার ও মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

এমকে/আরটিএনএন