ছাত্রদল, ঝুট ব্যবসা
ছাত্রদলের নেতাকর্মীরা কারখানা কর্তৃপক্ষকে ঝুট ব্যবসা বন্ধ করার হুমকি দিয়েছেন—এমন অভিযোগ ওঠে।   ছবি: সংগৃহীত

সাভারে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলের অভিযোগকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে প্রতিহত করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্বেগে পড়েন কারখানার শ্রমিক ও আশপাশের বাসিন্দারা। রোববার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ৮-১০টি মোটরসাইকেলে করে ছাত্রদলের একদল নেতাকর্মী কারখানার সামনে আসেন। পরে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা সাব্বির, শাওন, তুহিনসহ আরও ১০ থেকে ১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা কারখানা কর্তৃপক্ষকে ঝুট ব্যবসা বন্ধ করার হুমকি দিয়েছেন—এমন অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে ওই নেতাকর্মীদের ধাওয়া দেন এবং কারখানা এলাকা থেকে বের করে দেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন। তিনি বলেন, ‌‘আমরা কোনো ঝুট ব্যবসার জন্য কারখানায় যাইনি। মূলত এক্সেসরিজ ব্যবসার বিষয়ে আলোচনা করতে গিয়েছিলাম। কারখানা কর্তৃপক্ষকে কোনো হুমকি দেওয়া বা চাঁদা চাওয়া হয়নি। হঠাৎ করেই এলাকাবাসী আমাদের লোকজনের ওপর হামলা করে। পরে আমরা সেখান থেকে চলে আসি।’

এ বিষয়ে তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত কারখানার ঝুট দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।