মানিকগঞ্জ, চাঁদা
যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাস।   ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে যুবদল নেতা সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাকে হাতেনাতে সাড়ে ১৫’শ টাকাসহ আটক করা হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

আটক শুভ উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক এবং ওই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এই ঘটনায় সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, সকালে লাইনম্যান মিজানুর রহমান প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন। এসময় যুবদল নেতা শুভসহ আরও তিন-চারজন ব্যক্তি এসে তার কাছ থেকে বাসের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেন এবং প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলার চেষ্টা করেন। বিষয়টি ম্যানেজারকে জানানো হলে পুলিশ মঙ্গলবার দুপুরে শুভকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. সবুর খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে দেড়শতাধিক সেলফি বাস চলাচল করে। আমরা মোবাইল ফোনে অনুরোধ করেছি এমন কাজ না করতে, কিন্তু তারা উল্টো বাজে ব্যবহার করেছে। পরে বাধ্য হয়ে পুলিশকে অবগত করা হয়।

উথুলী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল জানান, চাঁদাবাজি আমরা সমর্থন করি না। ঘটনার তদন্তপূর্বক যুবদল নেতা সুব্রতের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সুব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।