টাঙ্গুয়া, হাউজবোট
তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী ‘মাছরাঙা’ নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই হাউজবোটটির মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে হাউজবোটের ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।

আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, হঠাৎ মাছরাঙা হাউজবোটে আগুনের ধোঁয়া দেখে দৌড়ে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। পরে বাজারের লোকজন নদীর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া বলেন, হাউজবোটে কয়েকজন কাজ করছিলেন। হঠাৎ বোটের পেছনের দিকে আগুন দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে হাউজবোটের কিছু অংশ ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

মাছরাঙা হাউজবোটের মালিক মো. মনিরুজ্জামান জানান, জেনারেটর চালিয়ে কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের দ্রুত সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে স্টাফ রুম ও পেছনের অংশের কিছু জায়গা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা হতে পারে বলে তিনি ধারণা করছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।