পানিসম্পদমন্ত্রী, হাওর
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।   ছবি: সংগৃহীত

হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে এবং কঠোর নজরদারির মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করছে। বাঁধ নির্মাণ যাতে সঠিকভাবে ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ নজরদারি রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পাশাপাশি খাল খনন, নদী খনন ও বাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলোও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পে কেউ যাতে অনিয়ম করতে না পারে, সে জন্য সরকার পাহারাদারের ভূমিকায় থাকবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এ অঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজখবর রাখছেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ অন্যান্যরা।