সারাদেশ, হত্যা, মামলা, বউ খুন, জামাই খারাপ, ঘর জামাই, পরকীয়া, অশান্তি,
পরকীয়া সন্দেহে স্ত্রী খুনের অভিযোগে স্বামী পলাতক।   ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত মোসা. খালেদা (৩৫) একই গ্রামের আব্দুল বারী ওরফে সাইদুর (৫৫)-এর দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ২০ বছর আগে কালাই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল বাকী ওরফে সাইদুরের সঙ্গে খালেদার বিয়ে হয়। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

শনিবার দুপুরে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীকে সন্দেহ করেন স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যায় স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

তবে গভীর রাতে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, রাতের কোনো এক সময় খালেদাকে গলায় ওড়না ও তার পেঁচিয়ে হত্যা করে স্বামী পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কালাই থানার ওসি (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ ও সন্দেহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরবিএ/আরটিএনএন