জীবননগরে বিএনপির হামলায় আহত মাওলানা মফিজুর রহমানের শয্যা পাশে আমীরে জামায়াত।
জীবননগরে বিএনপির হামলায় আহত মাওলানা মফিজুর রহমানের শয্যা পাশে আমীরে জামায়াত।   ছবি: আরটিএনএন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সকালে রাজধানীর অরোরা হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা জীবননগরে বিএনপির হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে যান। এসময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক খোঁজ-খবর নিয়ে উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা কর্তব্যরত চিকিৎকদের প্রদান করেন। 

পরে আমীরে জামায়াত মুফিজুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শাহীন আহমেদ খান।   

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় আহত ইউনিয়ন আমীর মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান শাহদাত বরণ করেন। এছাড়াও ঐ হামলায় জামায়াতে ইসলামীর অনেক নেতাকর্মী আহত হয়। এই নেক্কারজনক হামলার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আজ রবিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।