বাকেরগঞ্জ, রাজনীতি, জাতীয়, সকরকা, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ,
হামলার দৃশ্য।   ছবি: সংগৃহীত

বরিশাল বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যানের ওপরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ‘হামলাকারীদের ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ মার্চ) বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বির, সেচ্চাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল ও কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ একদল মাস্তান চেয়ারম্যানের ওপরে হামলা করে বলে দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানিয়েছে এবং ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব হুমাউন কবীরের ওপরে হামলা জাতিকে শংকিত করেছে।’

তিনি আরও বলেন, ‘হাতপাখা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জন সম্পৃক্ততার কারণে দল-বল ও দেহরক্ষী নিয়ে চলেন না। এটা তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরল ও সাধারণ চলাচলকে যদি কেউ সুযোগ হিসেবে নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তোলে তাহলে সেই হানাদার হাত প্রতিরোধ করা হবে; ইনশাআল্লাহ। আমরা স্থানীয় প্রশাসনকে বলবো, অবিলম্বে অপরাধীদের বিষয়ে শক্ত আইনী অবস্থান গ্রহণ করুন। একই সাথে বিএনপি নেতৃত্বকে বলবো, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হতে পারে।’