ইফতার মাহফিল, রমজান, রমাদান, সারাদেশ, সড়ক উন্নয়ন প্রকল্প,
ইফতার মাহফিলের একাংশ।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় বাস্তবায়িত প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা পাঁকা করণ কাজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।

সোমবার (৯ মার্চ) দুপুরে তিনি উপজেলার ধামোর ইউনিয়ন থেকে মির্জাপুর ইউপি-শিকটিহারি হাট চেইনেজ (১,৫০০–৪,৩৩০ মিটার) পাকা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি তোড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, তোড়িয়া হাটের নব-নির্মিত হাট সেট ভবন, রাধানগর ইউপি-আলোয়াখোয়া ইউপি চেইনেজ (৭,০০০–৮,৯২০ মিটার) সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি আলোয়াখোয়া ইউপি-আনসার হাট ভিয়াস জাফরপাড়া (০০–২,০৭১ মিটার) এবং উপজেলা হেড কোয়ার্টার (হাসপাতাল)-রামনাথ হাট চেইনেজ (৪,৩৫৬–৬,০২০ মিটার) সড়কের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান।

একইদিনে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির উপজেলা বিএনপির আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল সঞ্চালনা করেন এবং সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কুদরত-ই-খুদা, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহফিলে মোনাজাতে পুরো বিশ্বের মুসলিমসহ বাংলাদেশের সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।