জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু 
জীবননগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু    ছবি: আরটিএনএন

মৃত্যুর সাথে ১০ দিনের লড়াইয়ের পর হার মানলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান। রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১০ মার্চ দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৮ ফেব্রুয়ারি শনিবার রাতে হাসাদহ বাজারে বিএনপি-জামায়াত সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ার্দ্দার। 

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতেই ঢাকা নেওয়ার পথে না ফেরার দেশে চলে যান তাঁর ছোট ভাই জামায়াতকর্মী ও স্বর্ণ ব্যবসায়ী হাফিজুর রহমান (৪৫)। মাত্র ১০ দিনের ব্যবধানে একই পরিবারের দুই সহোদরকে হারিয়ে নিথর হয়ে পড়েছে হাসাদহ এলাকা; শোকে পাথর হয়ে গেছেন স্বজনরা।  

 পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও তার বৃদ্ধ পিতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, ২৮ ফেব্রুয়ারি শনিবার রাতে হাসাদহ বাজারে পূর্ববিরোধের জের ধরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হন। আহতদের মধ্যে মফিজুর রহমান ও তার ভাই হাফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে যশোর ও পরে ঢাকায় নেওয়ার পথে হাফিজুর মারা যান।  আজ ১০ মার্চ দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মফিজুর রহমানেরও মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হাফিজুরের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীনকে ‘হুকুমের আসামি’ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোলায়মান জানান, পুলিশ, ডিবি ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট পৃথক অভিযান চালিয়ে হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান, তার বাবা বিএনপি কর্মী জসিম উদ্দিন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামকে গ্রেপ্তার করেছে। প্রধান আসামি মেহেদী হাসানসহ তিনজকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে  জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।