ক্ষয়ক্ষতি,মেহেরপুর
মেহেরপুরে অগ্নিকাণ্ডে কৃষকদের ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি।   ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও খড় পোড়ানোকে কেন্দ্র করে অগ্নিকাণ্ডে কৃষকদের ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। উপজেলার চোখতোলা মাঠে আগুন লেগে প্রায় ২০ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে গম কাটার পর অবশিষ্ট খড় পরিষ্কার করার উদ্দেশ্যে আজিজুল নামের এক ব্যক্তি পরিত্যক্ত খড়ে আগুন দেন। কিন্তু প্রচণ্ড রোদ ও দমকা বাতাসের কারণে মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের জমিগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় কৃষক ও এলাকাবাসী প্রথমে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় ২০ বিঘা জমির গমসহ বিভিন্ন ফসল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়েও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী কৃষক মজনু জানান, আগুনে তার জমির গমের পাশাপাশি ইঞ্জিনচালিত পানি তোলার শ্যালো মেশিনও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালে ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হতো বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী কৃষক বদিরুল ও রুহুল জানান, তাদের ১৬ বিঘা জমির গম আগুনে পুড়ে গেছে। অপর কৃষক আব্দুল হালিম জানান, আগুনে তার আম ও কলা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২ এপ্রিল উপজেলার শিমুলতলা হাড়িয়াদহ মাঠে মাচত্র ৫ কাঠা জমির খড় পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির ফসল পুড়ে যায়।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, খড় পোড়ানো থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও অনেক কৃষক এখনও তা মানছেন না। ফলে  কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।