তথ্য কমপ্লেক্স
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।   ছবি: আরটিএনএন

গণমাধ্যমের অবাধ স্বাধীনতা রয়েছে থাকবে কিন্তু কেউ যেন গুজব ও অপতথ্য প্রচার করতে না পারে সেই দিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। দেশের ৬৪ জেলাতেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। তবে আমি সকলের কাছে অনুরোধ করবো যেন কোনো রকম মিথ্যা বানোয়াট প্রচার না হয় সেই দিকে নজর দিবেন। 
অনেক সময় বানোয়াট তথ্য প্রচার করার জন্য একটি মহল কোনো খবর সামান্য একটি শব্দ পাল্টিয়ে দিয়ে অনেক রকম মিস ইনফরমেশন প্রচার করে। তবে এখনো প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় এমন আচার-আচরণ আমার চোখে পড়েনি। তবে সোস্যাল মিডিয়াতে যারা লেখেন তারা এমনটা চেষ্টা করেন। আমরা তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। 

তিনি আরো বলেন, দেশের ৬৪ জেলাতেই তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মানের কাজ হাতে নেয়া হয়েছে। সর্বপ্রথম আজকে ময়মনসিংহে তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলাম। কয়েকদিনে মধ্যে আরো চারটি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য জেলার প্রকল্পগুলো হাতে নেয়া হবে। উপজেলা পর্যায়েও তথ্য কমপ্লেক্স নির্মাণ করার বিষয়টি ভেবে দেখা হবে বলেও জানান তিনি।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলল হক ভুইয়া, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। 

প্রকল্পের মধ্যে অফিস, লাইব্রেরি, ইন্টারনেট ক্যাফে, নিউজরুম ডিজিটাল আর্কাইভ, কনফারেন্স রুম, কালার ল্যাব, সিনেপ্লেক্সসহ আধুনিক সুযোগ সুবিধা  প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ময়মনসিংহ বিভাগ, জামালপুর ও শেরপুর। ১৮ মাসে প্রকল্প টির কাজ শেষ হবে।