বাচ্চাকে টিকা দেয়ার ‍দৃশ্য
বাচ্চাকে টিকা দেয়ার ‍দৃশ্য   ছবি: সংগৃহীত

স্বাস্থ্য মন্ত্রণালয় শিশুদের জন্য হাম-রুবেলা টিকাদান কার্যক্রম নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভোগা শিশুদের আপাতত এই টিকা না দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। শিশুরা সুস্থ হলে পরবর্তীতে টিকা দেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে দেশের নির্দিষ্ট এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 

প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলার শিশুদের অগ্রাধিকার দেয়া হবে। কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। টিকার আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা আসবে, যাদের আগে টিকা নেওয়া হয়েছে বা হয়নি, তা দেখে কোনও পার্থক্য করা হবে না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি নেয়া হয়েছে। নির্বাচিত উপজেলাগুলোতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন এবং অন্যান্য এলাকায় স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনরা তদারকি করবেন।

টিকাদান কার্যক্রমের পাশাপাশি জ্বরগ্রস্ত বা আক্রান্ত শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেয়া হবে। তবে সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাদানই করা হবে এবং কোনো অতিরিক্ত ওষুধ দেয়া হবে না।

মন্ত্রী বলেন, আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কার্যক্রম ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে এবং জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত টিকাদান কর্মসূচির অংশে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস.এম জিয়াউদ্দিন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস।