রাইপুর ইউপি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ।
রাইপুর ইউপি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ।   ছবি: আরটিএনএন

মেহেরপুরের গাংনীর রাইপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে রাইপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু (৬০), রাইপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বকুল হোসেন (৪০), বিএনপি কর্মী খাইরুল ইসলাম (৪৪) এবং রাসেল হোসেন (৪২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে আলফাজ উদ্দীন কালু ও খাইরুল ইসলামের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছে। তাদের মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

bnp clash pic

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের পর রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু পরিষদে প্রবেশ করতে পারেননি। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা সারগিদুল ইসলাম। তবে সারগিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আসছিল বিএনপির একটি পক্ষ।

একপর্যায়ে বিএনপির ওই পক্ষ গোলাম সাকলায়েন ছেপুকে নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ার দখল করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। চেয়ার রক্ষায় সারগিদুল ইসলামের সমর্থকেরা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেন। পরে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।