সারাদেশ, বিদেশি অস্ত্র, আটক, রাজবাড়ী, অবৈধ অস্ত্র, পিস্তল, বিদেশি পিস্তল,
আটককৃত বিদেশি অস্ত্র ও অবিযুক্ত।   ছবি: আরটিএনএন

কুষ্টিয়া থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বহন করে ঢাকার নবীনগরে পাচারকালে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে নূর মোহাম্মদ (৫২) নামের এক অস্ত্র কারবারি আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আটক নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বড়বাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।

জানা গেছে, কুষ্টিয়া থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন বহন করে ঢাকার নবীনগরে যাচ্ছিল নূর মোহাম্মদ। দুপুরে তিনি কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে ওঠেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে চেকপোস্ট বসায়। বিকেল ৩ টার দিকে বাসটি হ্যাচারির সামনে আসলে ডিবি পুলিশ তল্লাশি চালায়।

তল্লাশীর এক পর্যায়ে নূর মোহাম্মদের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারী এলাকায় দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তির কাছে থাকা কালো ব্যাগের ভেতর থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি অধিকতর তদন্ত করছি। আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।”