চট্টগ্রাম, টেরিবাজার
‘কেবি অর্কিড প্লাজা’ নামের এক বহুতল মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।   ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় অবস্থিত ‘কেবি অর্কিড প্লাজা’ নামের একটি বহুতল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দগ্ধ অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।