বৃষ্টির বাধায় ঈদে নির্জন কুয়াকাটা, ঈদের দিনে কুয়াকাটা, কুয়াকাটা,
ঈদের দিনে কুয়াকাটার জনশূণ্য সৈকত।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে পর্যটকদের ভিড়ে মুখর থাকার কথা ছিল দেশের অন্যতম সমুদ্রসৈকত কুয়াকাটা। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে এবারের ঈদের দিনে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকেই মেঘলা আকাশ, হালকা বৃষ্টি আর মৃদু বাতাসে ফাঁকা হয়ে পড়ে সৈকত এলাকা ও আশপাশের সড়ক। যেখানে প্রতি বছর ঈদের দিন সকাল থেকেই আশপাশের জেলা-উপজেলা থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় সরগরম থাকে বালুচর, সেখানে এবার বিরাজ করছে অস্বাভাবিক নীরবতা।

স্থানীয় হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে নানা প্রস্তুতি নেওয়া হলেও বৃষ্টির কারণে কার্যত অলস সময় কাটাতে হচ্ছে তাদের। পর্যটক না থাকায় ব্যবসায় ভাটা পড়েছে।

সৈকতের দোলনা ব্যবসায়ী ফাহিম ইসলাম আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন প্রস্তুতি নিয়েও ঈদের দিনে কোনো পর্যটক না পাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তিনি। তার মতে, শুধু আজই কয়েক হাজার টাকার লোকসান গুনতে হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সদস্যরাও জানান, ঈদ মৌসুম তাদের ব্যবসার প্রধান সময়। কিন্তু আবহাওয়া প্রতিকূল থাকায় সম্ভাব্য আয়ের বড় অংশ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

পর্যটন এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। তবে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উপকূলীয় অঞ্চলে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে ঈদের ছুটির বাকি সময়েও পর্যটক সমাগম বাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ঈদের আনন্দঘন সময়েও কুয়াকাটার এমন নিস্তব্ধতা স্থানীয়দের মাঝে হতাশা তৈরি করেছে। তবে অনেকেই আশাবাদী—আবহাওয়া স্বাভাবিক হলে ছুটির বাকি দিনগুলোতে আবারও প্রাণ ফিরে পাবে এই সমুদ্রসৈকত।

আরবিএ/আরটিএনএন