সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে ফুল দেয়ার ঘটনায় আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের জুমার নামাজের পর আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া আইনজীবীরা হলেন মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)। মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)। এছাড়া তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর। অন্যদিকে মিজানুর রহমান শামীম জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক এবং একই সংগঠনের সদস্য। মনীষ কান্তির বাড়ি শহরের নতুনপাড়ায় এবং শামীম সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এ মামলার বাদী সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। মামলার এজাহারে ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের সকালে শহরের স্মৃতিসৌধে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মিছিল ও স্লোগান দিয়ে তারা ফুল দেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। তিনি জানান, স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানে অংশ নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের আসামি করা হয়েছে।
জানা গেছে, স্বাধীনতা দিবসের দিন সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা মিছিল নিয়ে আদালত চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে যান। সেখানে তারা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেখানে অন্য কোনো সংগঠন উপস্থিত ছিল না। মিছিলে প্রায় ২৩ থেকে ৩০ জন আইনজীবী অংশ নেন, যাদের মধ্যে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাও ছিলেন। পরে এ সংক্রান্ত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশের একটি সূত্র জানায়, মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলনসহ আওয়ামী লীগ ও আওয়ামী আইনজীবী পরিষদের আরও কয়েকজন নেতার নাম অন্তর্ভুক্ত রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!