নওগাঁ-৪ এমপির বিরুদ্ধে দলীয় নেতাদের নির্যাতনের অভিযোগ, সারাদেশ, জাপা, বিজেপি, জাতীয় পার্টি, সংবাদ সম্মেলন, নওগাঁ, বিএনপি, সরকার,
বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন।   ছবি: আরটিএনএন

দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে নিজের বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে।

সোমবার (৬ এপ্রিল) নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে মান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ অভিযোগ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল ও যুগ্ম-সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

লিখিত বক্তব্যে তারা বলেন, ৫ এপ্রিল মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে প্রসাদপুর বাজার এলাকা থেকে এমপির সন্ত্রাসী বাহিনীর প্রধান ও এপিএস মোহাম্মদ আলী এবং গোল্ডেনসহ ১০-১২ জন সন্ত্রাসী মারধর করে এমপির নিজ বাসভবনে নিয়ে যান। সেখানে তাকে টর্চার সেলে নির্মমভাবে নির্যাতন করা হয়। মারধরের একপর্যায়ে তাকে হুমকি দেওয়া হয়, “তোকে যদি মান্দা উপজেলার বিএনপি কমিটির সঙ্গে কর্মসূচি পালন করতে দেখি, তাহলে প্রাণে মেরে ফেলবো।” পরে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় নেন এবং পরবর্তীতে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে এমপি দলীয় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আঁতাত করছে। তিনি দলীয় নেতাকর্মীদের উপর নিজের গুন্ডা বাহিনী দ্বারা নির্যাতন চালাচ্ছেন, সরকারি সুযোগ সুবিধা বণ্টনে অনিয়ম ও দুর্নীতি করছেন। চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও পুলিশি চাপ সৃষ্টি করে জমি ও খাসপুকুর জোরপূর্বক দখল করছেন। তিনি নিজের বাসভবনকে আন্ডারগ্রাউন্ড টর্চার সেল হিসেবে ব্যবহার করছেন।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চেয়ে বলেন, এমপির বিরুদ্ধে আনীত অভিযোগ সরকারি ও দলীয় সোর্সের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। গুরুতর আহত নেতা আবুল কালাম আজাদ ও শামসুল ইসলাম বাদলের উপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে মান্দা উপজেলা বিএনপির দলীয় শৃঙ্খলা ও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ পুনরুদ্ধার করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ভারশা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী বকুলসহ অর্ধ শতাধিক নেতাকর্মী।