মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে রাবিপ্রবির শিক্ষার্থীরা 
রাবিপ্রবির শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ ও গবেষণার বিশেষ সুযোগ।   ছবি: আরটিএনএন

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া থেরেংগু (ইউএমটি)-এর মধ্যে একটি ঐতিহাসিক অভিপ্রায় পত্র (LoI) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রাবিপ্রবির শিক্ষার্থীরা মালয়েশিয়ায় ইন্টার্নশিপ ও গবেষণার বিশেষ সুযোগ পাবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাবিপ্রবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা আগামী বছর থেকে ইউএমটিতে মাসব্যাপী ইন্টার্নশিপ করতে পারবেন।

 উভয় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে গবেষণা ও প্রবন্ধ প্রকাশ করতে পারবেন।

একাডেমিক তত্ত্বাবধান, সেমিনার আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

চুক্তিটি প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে, যা পরবর্তীতে নবায়নের সুযোগ রয়েছে।

রাবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। অন্যদিকে ইউএমটির পক্ষে স্বাক্ষর করেন ফিশারিজ ও একুয়াকালচার সায়েন্স অনুষদের ডিন ড. নাজিয়া বিনতে মুসা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: রাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির।, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মতিউর রহমান চৌধুরী।

ইউএমটির টেলেন্ট অ্যান্ড রিসার্চ বিভাগের ডেপুটি ডিন প্রফেসর ড. ওয়ান মোঃ রাওহান বিন ওয়ান হুসিন।

রাবিপ্রবির পক্ষে প্রভাষক মোহাম্মদ এজাজুল ইসলাম এবং ইউএমটির পক্ষে সিনিয়র প্রভাষক ড. হাসান ইব্রাহিম শেখ এই চুক্তিটি সমন্বয় করেন।

এই চুক্তির ফলে রাবিপ্রবির শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি ও গবেষণার পরিবেশ ব্যবহারের সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।