বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ
বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ   ছবি: আরটিএনএন

রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৪ লিটার পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলার এমএমসি ব্রিক ফিল্ড সংলগ্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ সময় তারা তিনটি প্লাস্টিকের জারিকেন ফেলে রেখে যায়। পরে জারিকেনগুলো তল্লাশি করে মোট ৭৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

জব্দকৃত পেট্রোলের আনুমানিক মূল্য ৯ হাজার ২৫০ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চোরাকারবারীরা নতুন নতুন কৌশল গ্রহণ করায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং আভিযানিক টহল বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অবস্থান কঠোর থাকবে।