শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে ছিল অর্ধকোটি টাকার অবৈধ সিগারেট
শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে ছিল অর্ধকোটি টাকার অবৈধ সিগারেট।   ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া সিগারেটের দাম ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

মঙ্গলবার (৭ এপ্রিল) পৃথক অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, জব্দকৃত সিগারেটের বাজারমূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। উদ্ধার হওয়া সিগারেটের পরিমাণ ২ কোটি ৯৯ লাখ ৪০০ শলাকা।

সংস্থাটি জানায়, মঙ্গলবার দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২৫৩ কার্টন অবৈধ সিগারেট উদ্ধার করা হয়। এর আগে গত ৫ এপ্রিল ‘এফজেড-৫২৩’ ফ্লাইটে আসা এক যাত্রীর লাগেজ থেকে ২৪৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে আটক ১ হাজার ৪৯৭ কার্টন সিগারেট পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে।