ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)   ছবি: আরটিএনএন

২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে এবং হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নির্বাহী কমিটির সঙ্গে হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। হজযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে এবং হজযাত্রীরা যেন কোনো কষ্ট না পান, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, গত হজ মৌসুমে হজ ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিল, এবছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সকলকে সচেষ্ট হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

এর আগে হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ে কিছু সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি সংগঠনের পক্ষে কিছু দাবীদাওও উপস্থাপন করেন।

ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবীদাওয়াসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং সে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বিধিবহির্ভূত কোনো কাজ করবেন না বলেও জানান।

সভায় ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।