আটোয়ারীতে মাদক বিক্রির দায়ে দুই যুবকের কারাদণ্ড 
ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।   ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজাসহ হাতেনাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বড়দাপ ঘোষপাড়া এলাকার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। 

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী অভিযান চালায় আটোয়ারী থানা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে গাঁজাসহ স্বাধীন ও আনছারুলকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রায়ে আনছারুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা এবং স্বাধীনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।