ইবি,রুনা হত্যা, বিচার,  মৌন মিছিল
ইবিতে রুনা হত্যার বিচারের দাবিতে শিক্ষকদের মৌন মিছিল   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে মৌন মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদ, অধ্যাপক ড. মোঃ মনজুর রহমান, অধ্যাপক ড. রোজী আহমেদ, সহযোগী অধ্যাপক ড. তিয়াশা চাকমা, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোজাহিদুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. গফুর গাজী, সহকারী অধ্যাপক মৌমিতা আক্তার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহা তানজিম তিতিল,  পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ইনজামুল হক সজলসহ অন্য শিক্ষকরা। এছাড়াও কর্মসূচীতে শতাধিক শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা যায়।

অধ্যাপক মোজাহিদুর রহমান বলেন, আসমা সাদিয়য় রুনা হত্যার প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় তার সততা,  নৈতিকতা এবং তার যে দায়িত্ববোধ এই নৈতিকতা এবং অন্যায়ের কনফ্লিক্টের কারণেই তাকে জীবন দিতে হয়েছে। একজন বিভাগের সভাপতি আসেন নামকাওয়াস্তে হিসাব দিয়ে চলে যান একজন প্রভোস্ট আসেন আবার নামকাওয়াস্তে হিসাব দিয়ে চলে যান। 

তিনি যখন এই জায়গাটা স্বচ্ছতা এবং জবাবদিহিতায় আনতে চাইলেন তখনি তাকে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হলো। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

অধ্যাপক মাহবুব মোর্শেদ বলেন, এমন পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য কেউ প্রস্তুত ছিলেন না, তবে অন্যায়ের প্রতিবাদে সামনে আসতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্টদের কাছ থেকে আরও শক্ত ও দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছিল। 

এই প্রতিবাদ কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ন্যায়বিচারের দাবি। অন্যায়কে অন্যায় বলা এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার ও কাউকে অন্যায়ভাবে ফাঁসানো বা প্রকৃত অপরাধীকে রক্ষা না করার আহ্বান জানাই। একই সঙ্গে রুনার পরিবার, বিশেষ করে তাঁর চার সন্তানের জন্য দ্রুত আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার দাবি জানাই।

এছাড়াও শিক্ষকরা হত্যাকন্ডের নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার নিশ্চিত করার দাবি জানায়। 

এসময় শিক্ষার্থীদের হাতে, " সাজিদ হত্যার বিচার চাই", "আসমা সাদিয়া রুনা হত্যার বিচার চাই", "বিচারহীনতার চর্চা বন্ধ করো", "নিরপেক্ষ তদন্ত চাই প্রভাব মুক্ত বিচার চাই" এসব প্লেকার্ড দেখা যায়। 

উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় পরদিন ইবি থানায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের পরিবার। 

পরদিন আসামী ফজলুর রহমানকে গ্রেফতার দেখায় ইবি থানা পুলিশ। অন্য আসামিরা হলেন, সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। ঘটনার এতদিন পরেও প্রধান আসামি ফজলুর রহমান ছাড়া অন্য আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।