নওগাঁয় এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা 
নওগাঁয় আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা।   ছবি: সংগৃহীত

নওগাঁয় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নজরদারি জোরদার করবে জেলা প্রশাসন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন।

আরও জানানো হয়, আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশের মতো নওগাঁতেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয় ব্রত পাল ও ডেপুটি সিভিল সার্জন মুনির আলি আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও দুশ্চিন্তামুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও পুলিশ বিভাগ সমন্বিতভাবে কাজ করবে। বিশেষ করে কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণ এবং কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

উপস্থিত কর্মকর্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত যেকোনো ধরনের গুজব ছড়ানো বা অপতৎপরতা বন্ধে সাইবার নজরদারিও বৃদ্ধি করা হবে।