রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে জরিমানা
রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।   ছবি: সংগৃহীত

তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না থাকা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার দারুশা এলাকার ‘মতিউর ফিলিং স্টেশনে’ র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে মতিউর ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। সেখানে তদারকি শুরু করার পর পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও বেশ কিছু গুরুতর অনিয়ম ধরা পড়ে।

জেলা প্রশাসনের সহকারী সামিয়া রহমান অভিযানের বিষয়ে সাংবাদিকদের জানান, পাম্প কর্তৃপক্ষ কোনো প্রকার প্রত্যয়ন ছাড়াই তেল বিক্রি করছিল। তেল নেওয়ার পর ভোক্তাদের যে মানি রিসিট বা স্লিপ দেওয়ার কথা, তারা সেটি দিচ্ছিল না। এমনকি পাম্পে মজুত করা তেলের পরিমাণ যাচাই করার মতো কোনো সঠিক ব্যবস্থাও সেখানে পাওয়া যায়নি।

অভিযুক্ত পাম্পটিকে এসব অপরাধের দায়ে তাৎক্ষণিকভাবে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সামিয়া রহমান বলেন, “পাম্পটির কাছে প্রয়োজনীয় কোনো তথ্যের আপডেট নেই। সার্বিক দিক বিবেচনা করে এই জরিমানা করা হয়েছে।”

অভিযান চলাকালে জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং অফিসার, র‍্যাব-৫-এর সদস্য এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।